সিলেট-কোমপানীগঞ্জ সড়কের বর্ণিতে বেইলী সেতু ভেঙ্গে একটি পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। গতকাল সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেল এর মতো হালকা যান পাশের বিকল্প পথে চলাচল করছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। সওজ এর প্রধান প্রকৌশলী একরাম উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে ইত্তেফাককে জানান, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ওই স্থানে মূল বর্ণি ব্রিজের (আরসিসি ) কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে এপ্রোচ রোডের কাজ চলছে। মূল সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার পর সওজের উদ্যোগে পাশে নির্মিত একটি বিকল্প বেইলি সেতু দিয়ে যান চলাচল করছিল। সোমবার ভোর ৬ টার দিকে একটি পাথর বোঝাই ট্রাক সিলেটের দিকে যাওয়ার সময় সেতুটি ভেঙ্গে পড়ে। ফলে সিলেট-কোমপানীগঞ্জ সড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আগামী ৩০ ঘন্টার মধ্যে মূল সেতুর কাজ শেষ হয়ে গেলে ওই সড়কে পুরাদমে যান চলাচল শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গতকাল দিনভর সেতুর উভয় দিকে কয়েকশ গাড়ি আটকা পড়ে থাকতে দেখা গেছে। প্রসঙ্গত, গত বর্ষা মৌসুমে অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকসহ একাধিক যানবাহন এই সেতু পারাপারের সময় দুর্ঘটনায় পড়ে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছিলেন।
