হরতাল বন্ধে সমন্বিত পদক্ষেপ চান নারী উদ্যোক্তারা

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:৫৫
হরতাল বন্ধে সরকার ও বিরোধী দলকে সমন্বিত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। গতকাল সোমবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক মত বিনিময় সভায় এ দাবি জানানো হয়। এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা এবং এফবিসিসিআইয়ের একাধিক পরিচালক। সভায় নারী উদ্যোক্তারা বলেন, যে দলই বিরোধীদলে থাকে সে দলই হরতাল দেয়। হরতালে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন ব্যবসায়ীরা। তাই হরতাল বন্ধে ব্যবসায়ীদেরকেই কথা বলতে হবে। তবে হরতাল যেহেতু রাজনৈতিক কাজের অংশ তাই সরকার ও বিরোধীদলের সমন্বিত পদক্ষেপের মাধ্যমেই এটি বন্ধ করা প্রয়োজন। হরতাল বন্ধের পরিবেশ তৈরি করতে সরকারের ভূমিকা বেশি উল্লেখ করে বক্তারা বলেন, আগামী নির্বাচন নিয়ে যে মতভেদ তৈরি হয়েছে সংলাপের মাধ্যমে তার সমাধান করা প্রয়োজন। সংঘাতের মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য আদায়ের চেষ্টা করা ঠিক হবে না। বক্তারা আরও বলেন, গত কয়েক বছর ধরে গ্যাস-বিদ্যুতের তীব্র সংকটে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে রয়েছে, অবকাঠামো সমস্যা ও ব্যাংক ঋণের উচ্চ সুদের হার। ব্যাংকের ঋণ খেলাপির সময়ও কমানো হয়েছে। হলমার্কের ব্যাংক জালিয়াতিকে কেন্দ করে ব্যাংকগুলো কাজের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দেখাচ্ছে। এ অবস্থায় ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা চালাতে পারছেন না। সরকারের দেয়া বিভিন্ন সুযোগ না পাওয়ায় অভিযোগ করে নারী উদ্যোক্তারা বলেন, সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিলেও তার সুবিধা পাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধান করা প্রয়োজন। মনোয়ারা হাকিম আলী তার বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা কখনোই হরতাল চায় না। হরতালের কারণে দেশ ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই হরতাল বন্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।