চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের কাজীরহাট এলাকায় তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভুজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এনিয়ে এ ঘটনায় দায়ের করা ৪ মামলায় ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ১১ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায় হরতাল বিরোধী শান্তি মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ। মিছিলটি কাজীরহাট এলাকায় পৌঁছার পর অতর্কিতে হামলা চালায় জামায়াত-শিবির ও হেফাজতে ইসলাম। মসজিদের মাইকে ডাকাত আসার মিথ্যা ঘোষণা দিয়ে এ হামলায় গ্রামবাসীকেও জড়িত করা হয়। এ ঘটনায় ৩ ছাত্রলীগ কর্মী নিহত ও শতাধিক আহত হন।
