লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় ছাত্র আহত হওয়ায় সড়ক অবরোধ

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:৫৬
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে গতকাল সোমবার দুপুরে স্থানীয় প্রতাপগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আশিকুর রহমান ও মারওয়ান নামের দুই ছাত্র যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ, গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ওই স্কুলের ছাত্ররা। লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজারে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে ১টি গাড়িতে অগ্নিসংযোগসহ ১০টি গাড়ি ভাংচুর করে এলাকাবাসী ও ছাত্ররা। আহত স্কুল ছাত্র আশিকুর রহমান ও মারওয়ানকে চন্দ্রগঞ্জে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলে যাওয়ার পথে দুপুর ১২টার দিকে সাইকেল আরোহী এ দুই ছাত্রকে আনন্দ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। আহত দুই ছাত্রের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে স্কুলের অন্যান্য ছাত্র ও এলাকাবাসী একত্রিত হয়ে রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এসময় একটি বাসে অগ্নিসংযোগসহ ১০টি গাড়ি ভাংচুর করে তারা। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, দুই স্কুল ছাত্র দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকাবাসী ও ছাত্ররা সড়ক অবরোধ করে একটি গাড়িতে অগ্নিসংযোগসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেয়।