বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতালের কারণে আজ মঙ্গল ও আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৩ এপ্রিল মঙ্গলবার নির্ধারিত পরীক্ষাগুলো হবে ১১ মে শনিবার। সকালের পরীক্ষাগুলো ১০টায় এবং বিকালের পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়। এছাড়া ২৪ এপ্রিল বুধবারের পরীক্ষা হবে ১০ মে শুক্রবার। পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়।
আজ মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র, সমরবিদ্যা (তত্ত্বীয়) প্রথম পত্র, গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়) প্রথম পত্র এবং বিকালে পরিসংখ্যান প্রথম পত্র, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য পুষ্টি বিজ্ঞানপ্রথম পত্র (রসায়ন), সাধারণ বিজ্ঞান প্রথম পত্র (জীববিজ্ঞান) ও ক্রীড়া প্রথম পত্রের পরীক্ষা ছিল।
এছাড়া কারিগরি বোর্ডের অধীনে মঙ্গলবার এইচএসসি ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২, ডিপ্লোমা ইন কমার্সে প্রডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কষ্টিং (একাদশ/পরিপূরক) এবং এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (দ্বাদশ) পরীক্ষা ছিল। আর আগামীকাল বুধবার এইচএসসিতে মনোবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
এ নিয়ে হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের চারটি পরীক্ষা পেছানো হলো। এর ফলে পিছিয়ে গেছে ২৮টি বিষয়ের পরীক্ষা।
