হরতালের সময় ক্লাস করলে হত্যা করা হবে বলে মোবাইল ফোনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের হুমকি দিয়েছে শিবির ক্যাডাররা। ক্লাস যাতে না হয় সেজন্য গত রবিবার রাতে প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ বিভাগের তালায় সুপার গ্লু লাগিয়ে দেয় শিবির। গতকাল সোমবার শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস রুমে এসে তালা খুলতে পারেননি। হয়নি ক্লাস।
শিক্ষার্থীরা জানান, হরতালের সময় ক্লাস অনুষ্ঠিত না হলেও সেশনজটের কথা চিন্তা করে গতকাল হরতালে ক্লাস হওয়ার কথা ছিল। কিন্তু গত রবিবার রাতে শিবির ক্যাডাররা মোবাইল ফোনে শিক্ষার্থীদের ক্লাসে অংশ নিতে নিষেধ করে এবং তালায় সুপার গ্লু লাগিয়ে দেয়।
রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা জালালউদ্দিন বলেন, ‘রবিবার রাত সাড়ে ৪টার দিকে কয়েকজন অস্ত্রধারী নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে গুরুত্বপূর্ণ বিভাগ ও প্রশাসনিক ভবনগুলোর গেটের তালায় সুপার গ্লু লাগিয়ে চলে যায়। সকালে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে এসে তালা খুলতে না পারায় আর ক্লাস হয়নি।’ গত রবিবার নিখোঁজ এক নেতার সন্ধান দাবিতে গতকাল ভোর ৬টা থেকে ৬০ ঘন্টা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে হরতালের ডাক দেয় শিবির।
