প্রধান বিচারপতি এবার রাষ্ট্রপতিকে শপথ করাতে পারছেন না

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২৩:০০
প্রধান বিচারপতি এবার রাষ্ট্রপতিকে শপথ করাতে পারছেন না। স্বাধীনতার পর থেকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করলেও এবার জাতীয় সংসদের স্পিকার তাকে শপথবাক্য পাঠ করাবেন। জানা গেছে, আগামী বুধবার বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট শপথ গ্রহণ করবেন। ১৯৭২ সালের মূল সংবিধানে রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করিয়েছেন। কিন্তু ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তৃতীয় তফসিলের ১৪৮ অনুচ্ছেদের শপথ ও ঘোষণায় সংশোধনী আনা হয়। এই সংশোধনীতে প্রধান বিচারপতির বদলে স্পিকারকে রাষ্ট্রপতির শপথের দায়িত্ব দেয়া হয়। এর আগে সংবিধানে ১৪ বার সংশোধনী আনা হয়। কিন্তু কোন সময়ই সংবিধানের এই বিধানে কোন সরকার হাত দেয়নি। এ সম্পর্কে সরকারের কোন স্পষ্ট ব্যাখ্যা পাওয়া না গেলেও রবিবার রাতে দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, রাষ্ট্রপতি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। স্পিকারও নির্বাচিত। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি ও স্পিকারের নির্বাচন হয়। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি একজন নির্বাচিত জনপ্রতিনিধি রাষ্ট্রপতিকে শপথ করাবেন। প্রসঙ্গত ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান।