রাজশাহীতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ইসলামী ছাত্রশিবিরের গতকাল সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া একটানা ৬০ ঘণ্টার হরতাল ঢিলেঢালাভাবে চলছে। পুলিশের কঠোর অবস্থানের কারণে হরতাল সমর্থকরা কোথাও টিকতে পারেনি। আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এ হরতাল চলবে। ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমের সন্ধানের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। তবে চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা হরতালের আওতামুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হরতাল সমর্থকরা গতকাল ভোর ৫টায় নগরীর কাপাশিয়ায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করে। এ সময় তারা একটি মালবাহী ট্রাক ভাংচুর করে। এছাড়াও গতকাল ভোর সাড়ে ৬টার দিকে হরতাল সমর্থকরা নগরীর হাদিরমোড়ে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। অন্যদিকে কয়েকজন পিকেটার গতকাল সকাল ৮টার দিকে কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং সপুরায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সামনে পিকেটিংয়ের চেষ্টা করে। কিন্তু পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা পিকেটিং করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, হরতাল চলাকালে বিচ্ছিন্নভাবে পিকেটিংয়ের চেষ্টা মূল নগরের বাইরে হয়েছে। নগরের সাগরপাড়া ও হাদিরমোড় ছাড়া পিকেটারদের কোথাও দেখা যায়নি। দোকানপাট বন্ধ এবং দূরপাল্লার রুটে যানবাহন যায়নি। এছাড়া নগরে সব ধরনের যান চলাচল প্রায় স্বাভাবিক ছিল। সরকারি ও বেসরকারিসহ সব ধরনের অফিস খোলা ছিল। ট্রেন চলাচলও রয়েছে স্বাভাবিক। নাশকতা ঠেকাতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ছাড়াও পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে।
