যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের সংবাদ তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পত্রিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। পত্রিকাটি হবে সাপ্তাহিক এবং এর নাম হবে ‘গণজাগরণ’। এটি শিগগিরই আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি জানিয়েছেন, পত্রিকার মেক-আপের (অঙ্গসজ্জা) কাজ চলছে। দুই-এক দিনের মধ্যেই সাপ্তাহিক ‘গণজাগরণ’ হয়তো পাঠকদের হাতে তুলে দেয়া সম্ভব হবে।
শাহবাগ আন্দোলন নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারীরা নানা মাধ্যমকে ব্যবহার করে শুরু থেকেই যে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে সে সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে এই পত্রিকা সক্ষম হবে বলে মন্তব্য করেন ইমরান। তিনি বলেন, পত্রিকাটিতে দেশের বিভিন্ন বুদ্ধিজীবীর ভাবনা, আমাদের বক্তব্য, আন্দোলনের ভবিষ্যত্ এবং আন্দোলনের বিরুদ্ধে জামায়াত-শিবিরের অপপ্রচারের জবাব দেয়া হবে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে, তাও স্থান পাবে এতে। শাহবাগের আদলে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চগুলোর কার্যক্রমের সংবাদও এ পত্রিকার মাধ্যমে তুলে ধরা হবে। পত্রিকা প্রকাশের খবর শুনে স্বতঃস্ফুর্তভাবে অনেকেই আর্থিক সাহায্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান ইমরান।
