মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা এবং তাদের হত্যায় কর্তৃপক্ষ সহায়তা করছে। সরকার দেশটি থেকে রাখাইনদের নিধনের চেষ্টা করছেন। এই চেষ্টা বন্ধ করতে হবে। হত্যায় সহায়তা করে কর্তৃপক্ষ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে অভিযোগ উঠেছে। খবর রয়টার্সের।
গতকাল সোমবার নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত ১৫৩ পৃষ্ঠার এক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়। গত বছর ওই হত্যাকাণ্ডের জের ধরে মিয়ানমার জুড়ে মুসলিম বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে দাবি করা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে নৃগোষ্ঠী নিধন ও মুসলমানদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে সরকারের সংশ্লিষ্টতার স্পষ্ট প্রমাণ রয়েছে।
২০১২ সালে জুনে ও অক্টোবরে উত্তেজিত বৌদ্ধ রাখাইন দাঙ্গাকারীরা যখন মুসলিম পুরুষ, নারী ও শিশুদের হত্যা করছিল, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সে সময় নিশ্চুপ দাঁড়িয়ে ঘটনা দেখেছিল, এমনকি তাদের কেউ কেউ দাঙ্গাকারীদের সঙ্গে যোগ দিয়েছিল। ওই দুই দাঙ্গার ঘটনায় কমপক্ষে ১শ ১০ জন নিহত হয়। প্রতিবেদনে আরো বলা হয়, রাজ্যের নিরাপত্তা বাহিনী মাঝে মাঝে দাঙ্গা থামানোর চেষ্টা ও পলায়নপর মুসলিমদের রক্ষার চেষ্টা করলেও অধিকাংশ ক্ষেত্রে হামলার সময় তারা একপাশে দাঁড়িয়ে ছিল অথবা হামলায় সরাসরি যুক্ত থেকে হত্যাকাণ্ডসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে পড়েছিল। আক্রমণে প্রায় ১ লাখ ২৫ হাজার মুসলমান তাদের বাসস্থান ছাড়তে বাধ্য হয়। তারা এখন মানবেতর জীবন-যাপন করছে।
