কুমিল্লায় রেল নাশকতার ঘটনায় নূরউদ্দিন নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি দল ওই জামায়াত নেতাকে সদর দক্ষিণ উপজেলার ফয়েজগঞ্জ এলাকা থেকে গতকাল সোমবার বিকালে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল লুঙ্গি-পাঞ্জাবি পরে ছদ্মবেশে গতকাল দুপুরে ফয়েজগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উপজেলার পেরুল (দক্ষিণ) ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার এবং ওই ইউনিয়নের জামায়াতের সহ-সভাপতি নূরউদ্দিনকে গ্রেফতার করে। সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) আবদুল হান্নান বলেন, গ্রেফতারকৃত জামায়াত নেতা নূরউদ্দিন ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর তারাকুয়া এলাকায় গত ২ এপ্রিল সংঘটিত ভয়াবহ রেল নাশকতার ঘটনার সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলায় ইতোপূর্বে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং আরো একটি মামলা তদন্তাধীন আছে। পুলিশ তাকে রেল নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার ১০ দিনের রিমান্ড মঞ্জুরের জন্য আদালতের কাছে আবেদন জানাবে। গ্রেফতারকৃত নূরউদ্দিন উপজেলার পেরুল গ্রামের আবদুল বারীকের পুত্র। থানার ওসি আইনুল হক জানান, নূরউদ্দিন তার বাড়িতে জামায়াত-শিবির ক্যাডারদের দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ (ট্রেনিং) দিয়ে আসছিল।
