মুরাদনগরে কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২৩:০৫
কুমিল্লার মুরাদনগরের বাখরনগর গ্রামে গত রবিবার গভীর রাতে কালি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন দাস বাদী হয়ে গতকাল সোমবার অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছেন। মনোরঞ্জন দাস জানান, গতকাল সকালে বাখরনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা কালি মন্দিরে প্রণাম করতে গিয়ে মন্দিরে প্রবেশের স্টীলের দরজা ভাঙ্গা দেখতে পায়। এসময় তারা ভেতরে প্রবেশ করে দেখেন মন্দিরে রক্ষিত কালিমূর্তি ও শীতলা মূর্তি ভাঙ্গা অবস্থায় মাটিতে পড়ে আছে এবং পূজা অর্চনায় ব্যবহূত পিতলের থালা, ঘটি-বাটি, গ্লাস, ঘন্টা, শিবপাত্র, বটি-দা ও দানবাক্স কে-বা কারা নিয়ে গেছে। তিনি জানান, দুর্বৃত্তরা প্রতিমা ভাংচুর করে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি করেছে এবং দানবাক্সে থাকা নগদ আনুমানিক ১২ হাজার টাকা লুটে নিয়ে গেছে। খবর পেয়ে গতকাল উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মুরাদনগর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুষ্কৃতকারীদেরকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।