তোমাদের জন্য লেখা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৪০
আসুর বন্ধু মিঠু শিশুসাহিত্যে সাহিদা বেগম একটি সুপরিচিত নাম। শিশু একাডেমি থেকে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধের গল্প শোন’ বইটি শিশু-কিশোরদের কাছে এর আগে সমাদৃত হয়েছে। এছাড়া ‘মিষ্টি ছড়ায় বিষ্টি নামে’, ‘স্বাধীন হওয়ার গল্প’, ‘নজরুল জীবনের গল্প’ বইগুলো পাঠকপ্রিয়তা পেয়েছে। আলোচ্য বইটি একটি কিশোর উপন্যাস। কেন্দ্রীয় চরিত্র আসু স্কুলপড়ুয়া গাঁয়ের ছেলে। তার মাধ্যমে লেখিকা একজন চরিত্রবান বালকের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। মিঠু একটি কুকুরের নাম, যার সাথে আসুর ভীষণ সখ্যতা গড়ে ওঠে। একসময় এই মিঠুই আসুকে বড় বিপদ থেকে উদ্ধার করে। গৃহপালিত প্রাণীর সাথে মানুষের যে গভীর মমতার বন্ধন সৃষ্টি হয় বইটিতে তা অত্যন্ত সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে। গাঁয়ের মাটি, ঘাস, নদীর সাথে একাকার দুরন্ত কিশোর জীবন। দৈবক্রমে সেই কিশোর জীবনে নেমে আসে অকল্যাণের ছায়া। যা থেকে তার মুক্তি ঘটে তার পোষা কুকুরের সাহায্য নিয়ে। বইটির কয়েকটি লাইন এরকম— ‘কুকুরটি ওর জন্য না খেয়ে একটুও কোথাও না নড়ে একঠায় বসেছিল তিনদিন গেটের সামনে। সেন্ট্রিরা তাড়ালে একটু ঘুরে এসে আবার বসে থাকতো। একটা কুকুর, অবলা প্রাণী যাকে এত ভালোবাসতে পারে সে কখনো ডাকাত হতে পারে না।’ বইটির প্রচ্ছদ ও বাঁধাই আকর্ষণীয়। এটি প্রকাশিত হয়েছে ‘হাতে খড়ি’ প্রকাশনী থেকে, মূল্য: আশি টাকা। বইটি শিশুদের ভাল লাগবে। বুলবুল এ জাফর