পুরো নাম সামসুন নাহার। বন্ধুরা ডাকে নাহার বলে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ভালোবাসে মিষ্টি এই মেয়েটি। সিরাজগঞ্জের মেয়ে নাহার। ব্যাংকার বাবা শহীদুল ইসলাম ও গৃহিণী মা আলেয়া বেগমের প্রথম সন্তান সামসুন নাহার। মা-বাবার স্বপ্ন ছিল ডাক্তার হবে মেয়ে। বাধ্যগত সন্তানের মত মেয়েটাও চেয়েছিল বাবা-মায়ের এই স্বপ্ন পূরণ করতে। সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। ডাক্তার হওয়া হয়নি মেয়েটার। কোন এক শীতের সকালে ভর্তি হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে। ভর্তি হবার পর থেকেই মেয়েটার ইচ্ছে ছিল ভালো কিছু করে দেখানোর। সেই ইচ্ছের হাত ধরেই অনার্সে ৩.৬২ পেয়ে হয়েছেন তৃতীয়। পরবর্তীতে একই বিভাগ থেকে মাস্টার্সে ৩.৭২ পেয়ে প্রথম হয় নাহার। সামসুন নাহার বলেন, ‘আমার মা-বাবার অনুপ্রেরণা ও উত্সাহ ছাড়া এ ফলাফল কখনও অর্জিত হতো না। এছাড়া আমার বিভাগের শিক্ষকরা দিক নির্দেশনা দিয়েছেন।’ নাহার বলেন, ‘আমি মনে করি নিয়মিত ক্লাস ও পড়াশোনা করলে, শিক্ষকদের লেকচার মনোযোগ দিয়ে শুনে সে অনুসারে নিজে আলাদা নোট তৈরি করতে পারলে যে কোনো শিক্ষার্থীর পক্ষেই ভালো ফলাফল সম্ভব। নাহার জানান, ভালো ফলাফলের চেয়ে আমি সর্বক্ষণ চেষ্টা করেছি একজন ভালো ও আদর্শ মানুষ হতে। এখন আমার একটাই স্বপ্ন-গবেষক হতে চাই। অবসরে ঘুরতে, বই পড়তে আর বন্ধুদের সাথে গল্প করতে ভাল লাগে তার। নাহারের জীবনের মূলমন্ত্র হলো, ‘সত্য পথে এগিয়ে গেলে সাফল্য আসবেই’। তাই নাহার সত্য পথে থেকে সফলতা খোঁজার চেষ্টায় সর্বক্ষণ মত্ত থাকে।
