সংসদে উত্থাপিত বাংলাদেশ পানি বিল-২০১৩ আইনের বিধান লঙ্ঘনের জন্য সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল অথবা ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। সোমবার বিলটি সংসদে উত্থাপন করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এর আগে গত সপ্তাহে বিলের রিপোর্ট চূড়ান্ত করে কমিটি। সংশোধন আনা বিলটিতে জলাধার রক্ষা, জলস্রোত স্বাভাবিক রাখাসহ পানি সম্পদ সংরক্ষণের বিধান রাখা হয়েছে।
গত ৩ মার্চ জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এই বিলে শিল্প, কৃষি, ঈষত্ লোনা পানিতে মত্স্য চাষ এবং হ্যাচারি প্রতিষ্ঠার জন্য যে কোন এলাকাকে পানি অঞ্চল ঘোষণার বিধান রাখা হয়েছে। সেখানে স্থাপনা নির্মাণ বা জলাধার ভরাট করে জলস্রোতের স্বাভাবিক প্রবাহ বন্ধ করলে জেল-জরিমানার বিধানও রাখা হয়েছে। দায়িত্ব পালনরত কোন ব্যক্তিকে কাজে বাধা দিলে একই দণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইনের অধীনে অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।
