ইসরাইলকে বিভিন্ন পাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, জঙ্গি বিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল জেরুজালেম সফরকালে একথা জানিয়েছেন। ইসরাইল, ইউএই এবং সৌদি আরবের সঙ্গে ১ হাজার কোটি ডলারের অস্ত্রচুক্তির অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এ চুক্তি করেছে বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে হেগেল বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে অত্যাধুনিক সামরিক হাতিয়ার দেবে। এগুলোর মধ্যে রয়েছে, শত্রুর প্রতিরক্ষা বিমান ধ্বংসে সক্ষম এন্টি-রেডিয়েশন মিসাইল, জঙ্গি বিমান বহরের জন্য অত্যাধুনিক রাডার, কেসি১৩৫ জ্বালানি বিমান এবং অসপ্রে পরিবহন বিমান। এর মধ্য দিয়ে ইসরাইল তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সামরিক বাহিনীর গুণগত মান বজায় রাখাতে পারবে বলে জানান হেগেল। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ অস্ত্রচুক্তি করল।
