শ্যুটিংয়ে এমন চমক কেউ কল্পনাও করেনি। কেননা শ্যুটিংয়ে দীর্ঘদিন রাজত্ব করা শারমিন আক্তার রত্নাকে হটিয়ে বাংলাদেশ গেমস শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ জিতেছেন সৈয়দা সাদিয়া সুলতানা।
সাদিয়ার সাথে পেরে উঠতে পারলেন না এসএ গেমস শ্যুটিংয়ে স্বর্ণ জয়ী শ্যুটার রত্না। অথচ এই রত্নাকে লন্ডন অলিম্পিক গেমসে পাঠানো হয়েছিল। সেখানে গেমস শুরু হওয়ার আগে কয়েক মাস বিশেষ প্রশিক্ষণও নিলেন তিনি। অপরদিকে মন খারাপ করে ঢাকায় ফিরে আসতে হয়েছিল তার অনুশীলন সঙ্গী সৈয়দা সাদিয়া সুলতানাকে। এই হতাশাকে জেদে পরিণত করে কাল গুলশান শ্যুটিং কমপ্লেক্সে অসম্ভবকে সম্ভব করলেন তিনি।।
সাদিয়া ২০৭.১ স্কোর করে স্বর্ণ জেতেন। অপরদিকে রত্না (২০১.৮) রৌপ্য এবং ১৮০ স্কোর করে ব্রোঞ্জ পান শারমিন আক্তার। ১৫৯.৫ স্কোর করেন আরেক শারমিন আক্তার। এই ইভেন্টে এক সময়ের তারকা শ্যুটার সাবরিনা সুলতানা অংশ নিলেও ১৪০.৬ স্কোর করে হন চতুর্থ। আজ অবশ্য তিনি শ্যুটিং থেকে অবসর নেবেন।
সাদিয়া এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বলে অনুশীলনটা ভালো হয়নি। তারপরও আত্মবিশ্বাস নিয়ে ভালো করার লড়াইয়ে নেমে চমকে দিয়েছেন সবাইকে। এ ব্যাপারে সাদিয়া বলেন, ‘প্রস্তুতিটা ভালো ছিল না। কারণ আমার পরীক্ষা চলছে। তাই স্বর্ণ জয় ¬করার কথা ভাবিওনি।’ আগামী অলিম্পিক ব্রাজিলে। সাদিয়া চাইছেন প্রশিক্ষণ নিয়ে ব্রাজিল যেতে। এদিকে কাল শ্যুটিংয়ে পুরুষদের ৫০ মিটার থ্রি পজিশন ইভেন্টে স্বর্ণ জয় করেন আব্দুল্ল¬াহ হেল বাকি। তার স্কোর ১১১৮। গোলাম শফিউদ্দিন খান ১১১৩ স্কোর করে রৌপ্য এবং ব্রোঞ্জ পেয়েছেন জুবায়ের আহম্মেদ (১০৯৪)।
