রাজধানীর সবুজবাগ থেকে বিস্ফোরকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম এনামুল কবির ওরফে ওমর ফারুক (৩০)।
সোমবার সন্ধ্যায় ডিবি-উত্তর বিভাগের একটি দল সবুজবাগ থানার মধ্য বাসাবো এলাকায় বি. ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেডের অফিস কক্ষের নিচ তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত এনামুল কবিরের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার লক্ষীখালি গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এনামুল কবির আসন্ন নির্বাচনে তার নিজ জেলা বাগেরহাটে এসব বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করে। এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সে সহযোগীদের নিয়ে বৈঠক করছিল বলে পুলিশের কাছে স্বীকার করে। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় একটি মামলা হয়েছে। বাসস
ইত্তেফাক/কেকে
