জেলার বদলগাছী উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে স্থানীয় ১৮ দলীয় জোট। উপজেলা বিএনপির ১৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর হওয়ার প্রতিবাদে এই হরতালের ডাক দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জোটের পক্ষে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ এই হরতালের ঘোষণা দেন।
আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, গত ১৮ মার্চ জোটের হরতাল চলাকালে দোকান ভাংচুর ও মিছিলে হামলার মিথ্যা অভিযোগে আমাদের ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে স্থানীয় থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়। ওই মামলায় আসামিরা গতকাল মঙ্গলবার সকালে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপজেলা বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতারা তাত্ক্ষণিক বসে সর্বসম্মতিক্রমে উপজেলায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
