জামায়াতে ইসলামী বলেছে, সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচিত চেয়ারম্যানদের অপসারণ শুরু করেছে। সরকারের এই পদক্ষেপে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন স্থানীয় প্রশাসনে দলীয়করণের মাধ্যমে সরকার অগণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এহেন দলীয়করণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরকার জুলুম-নির্যাতনের স্টিম রোলার চালিয়ে ক্ষমতায় থাকার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। জনগণ এ চক্রান্ত কখনো বাস্তবায়ন হতে দেবে না। তিনি বলেন, আটক নেতা-কর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি, হামলা, মামলা বন্ধ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮ দলীয় জোট দেশব্যাপী লাগাতার ৩৬ ঘণ্টা হরতাল কর্মসূচী ঘোষণা করেছে। দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে বর্তমান জালেম সরকারের প্রতি গণঅনাস্থা প্রকাশ করেছে।
