বহুমুখী সংকটে প্রাইভেট কন্টেইনার ডিপো

কালুরঘাটে চলতি মাসেই বন্ধ হয়ে যাচ্ছে একটি

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২২:৩৬
বহুমুখী সংকটে প্রাইভেট ইনল্যান্ড কন্টেইনার ডিপোগুলোর অস্তিত্ব ক্রমশ বিপদাপন্ন হতে চলেছে। এসব সংকটের মধ্যে আর্থিক রুগ্নতা অন্যতম সংকট হিসাবে চিহ্নিত হয়েছে। আর্থিক রুগ্নতার কারণেই আগামী ৩০ এপ্রিল বন্ধ করে দেয়া হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট শিল্পাঞ্চলে স্থাপিত প্রাইভেট আইসিডি ‘ইকবাল এন্টারপ্রাইজ’। বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো এসোসিয়েশনের সচিব মোহাম্মদ রুহুল আমিন শিকদার বলেন, আর্থিক রুগ্নতার কারণে আরো বেশ কিছু প্রাইভেট আইসিডি শিগগিরই বন্ধ হয়ে যাবে। তিনি জানান, দেশের রপ্তানি বাণিজ্যের ৯৫ শতাংশ কার্যক্রম পরিচালনাকারী প্রাইভেট আইসিডি সেক্টরের উন্নয়নে এ পর্যন্ত কোন ধরনের সরকারি প্রণোদনা মেলেনি, তার উপর এই সেক্টরে গত দেড় দশক ধরে হয়েছে অপরিকল্পিতভাবে মাত্রাতিরিক্ত বিনিয়োগ, পণ্য হ্যান্ডলিংয়ে অসুস্থ প্রতিযোগিতায় এসোসিয়েশনের বেঁধে দেয়া ট্যারিফের চেয়ে কম ট্যারিফে কাজ ধরতে গিয়ে আর্থিক ক্ষতি বাড়াচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রাইভেট আইসিডিগুলো। তিনি আরো জানান, ঢাকার কমলাপুরের সরকার পরিচালিত আইসিডি ছাড়া দেশে বর্তমানে ১৭টি প্রাইভেট আইসিডি রয়েছে। এগুলো সব স্থাপিত হয়েছে চট্টগ্রামে। এসব আইসিডিতে ৪০ ফুট এককের প্রতিটি রপ্তানি কন্টেইনারের স্টাফিং ও অন্যান্য কার্যক্রমের জন্য এসোসিয়েশন নির্ধারিত ট্যারিফ বা চার্জ হচ্ছে ৪ হাজার টাকা। কিন্তু অসুস্থ প্রতিযোগিতার কারণে বহু আইসিডি এই চার্জ সাড়ে ৩ হাজার, ৩ হাজার এবং সর্বশেষ কোনো কোনো আইসিডি মাত্র ২৮শ’ টাকায় সম্পাদন করায় এই সেক্টরের বহু আইসিডি আর্থিক ক্ষতির মুখে পড়ে। অথচ প্রাইভেট আইসিডিতে কন্টেইনার স্টাফিংসহ আনুষঙ্গিক কাজ করার জন্য যে চার্জ ধার্য করা হয়েছে তা চট্টগ্রাম বন্দরের চার্জের চেয়ে অনেক কম। এর জন্য তিনি গত ১৭ বছর ধরে দেশের প্রাইভেট আইসিডি সেক্টরের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সরকারসমূহের অপারগতাকে দায়ী করেন। তিনি জানান, ১৯৯৫ সালে চট্টগ্রামে প্রাইভেট আইসিডি কার্যক্রম শুরু হয়। ২০০৬ সালে এই সেক্টরের জন্য একটি খসড়া নীতিমালা হলেও তার অনুমোদন মেলেনি। সরকার ২০১০ সালে প্রাইভেট আইসিডি সেক্টরকে অপরিহার্য শিল্পখাত হিসাবে ঘোষণা করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রাইভেট আইসিডিগুলোর জন্য আরেকটি নতুন খসড়া নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। এ লক্ষ্যে গঠিত কমিটি ২৩ এপ্রিল প্রথম বৈঠকে মিলিত হয়েছে। প্রাইভেট আইসিডিসমূহের সাথে জড়িত আরো কয়েকটি সূত্র জানায়, চট্টগ্রামে প্রয়োজনের তুলনায় মাত্রাতিরিক্ত প্রাইভেট আইসিডি গড়ে উঠেছে। তারা আরো জানায়, প্রাইভেট আইসিডিগুলোর কন্টেইনার হ্যান্ডলিংয়ের যে ক্ষমতা নানা কারণে সেই ক্ষমতার ৫০ শতাংশ ব্যবহার করা যাচ্ছে না। এসব আইসিডি আমদানি পণ্যের ২৫ শতাংশও হ্যান্ডলিং করে থাকে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি উর্ধ্বতন সূত্র জানান, ২৩ এপ্রিল পর্যন্ত বন্দর ইয়ার্ডে প্রাইভেট আইসিডি-তে নেয়ার অপেক্ষায় আমদানি পণ্য ভর্তি ২ হাজার একক কন্টেইনার পড়ে আছে। সূত্রটির মতে, প্রাইভেট আইসিডিগুলোতে জায়গা আছে, কিন্তু কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই।