বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি সংশোধনী বিল রাজ্যসভায় ওঠেনি

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২২:৩৭
গতকাল মঙ্গলবার ভারতের রাজ্যসভায় বিরোধী দলের প্রচন্ড হৈচৈয়ের মুখে অধিবেশন বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুলতুবি করা হয়। ফলে বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তির জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা সম্ভব হয়নি। ১৯৭৪ সালে ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি অনুমোদনের জন্য ভারতের সংবিধানের ১১৯তম সংশোধনী বিল গতকাল রাজ্যসভার অধিবেশনে উত্থাপনের জন্য তালিকাভুক্ত ছিল। কিন্তু নয়াদিল্লিতে পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণ ও টেলিকম দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দল হৈচৈ শুরু করলে অধিবেশনের ডেপুটি চেয়ারম্যান বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। অধিবেশনের শুরুতে বিরোধী দল হৈচৈ শুরু করলে সকাল ১১টায় একবার অধিবেশন মুলতবি করা হয়। এরপর বেলা ১২টায় পুনরায় অধিবেশন শুরু হলে বিরোধী দলের হৈচৈয়ের মুখে আবারো তা মুলতবি করা হয়। সর্বশেষ বেলা দুইটার দিকে ফের অধিবেশন শুরু হয়। তবে বিরোধী দলের অসহযোগিতার মুখে ডেপুটি চেয়ারম্যান বৃহস্পতিবার সকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। অধিবেশনে নির্ধারিত কোন ইস্যুতে আলোচনা হয়নি। বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি বাস্তবায়ন হলে দুই দেশ তাদের অভ্যন্তরে অবস্থানরত ছিটমহলগুলো বিনিময় করতে পারবে। এছাড়া দুই দেশের অপদখলীয় ভূমি নিয়ে সমস্যারও সমাধান হবে। ভারত স্বাধীন হওয়ার পর থেকেই ছিটমহলগুলোর হাজার হাজার মানুষ নাগরিকত্বহীন অবস্থায় দিন কাটাচ্ছেন এবং স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুতসহ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।