মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ’র প্রেস খুলে দেয়ার দাবিতে গতকাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দৈনিক আমার দেশ ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বাংলাদেশে গণমাধ্যম চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। কথায় কথায় মিডিয়া বন্ধ, সাংবাদিক হত্যা, গ্রেফতার ও মামলা-নির্যাতনের শিকার হতে হচ্ছে। রাষ্ট্রীয় নির্যাতন থেকে সম্পাদকরা রেহাই পাচ্ছেন না। গণতন্ত্রের ছদ্মাবরণে মিডিয়ার টুটি চেপে ধরা হয়েছে। সত্য কথা লিখতে গিয়ে সাংবাদিকরা বাধার সম্মুখিন হচ্ছে।
আমার দেশ ইউনিট প্রধান বাছির জামালের সভাপতিত্বে মানববন্ধনত্তোর সমাবেশে বক্তৃতা করেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, এ্যাবের মহাসচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন ডিইউজে সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। এতে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন, সম্মিলিত সাংস্কৃতিক দলের আহ্বায়ক মেজর (অব.) মাহবুব, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ। নেতারা বলেন, মাহমুদুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিন। মুক্তি না দিলে এ আন্দোলন যদি সরকার পতনের আন্দোলনে রূপ নেয় তাহলে এর দায়-দায়িত্ব আমাদের নয়—সরকারকেই তার দায় নিতে হবে। একই দাবিতে আজ বুধবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ ও কাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে গণ-অনশন কর্মসূচি পালিত হবে।
