হরতাল আতংকে ইংলিশ মিডিয়াম পরীক্ষার্থীরা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২২:৩৯
এবার হরতাল আতঙ্কের কবলে পড়েছে ইংলিশ মিডিয়াম (বৃটিশ কারিকুলামের ইংরেজি মাধ্যম) স্কুলের পরীক্ষার্থীরা। বাংলাদেশে বৃটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে আগামী ৭ মে থেকে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। চলবে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। কিন্তু অব্যাহত হরতাল-অবরোধসহ চলমান রাজনৈতিক সহিংসতার প্রেক্ষিতে আতঙ্ক গ্রাস করেছে তাদেরকে। এসব শিক্ষার্থীর অভিভাবকরাও রয়েছেন সীমাহীন উদ্বেগের মধ্যে। কারণ, রাজনৈতিক অস্থিরতার কারণে এই পরীক্ষা সময়মতো অনুষ্ঠিত না হলে পুরো এক বছরের জন্য পিছিয়ে যাবে এসব শিক্ষার্থী। ইংলিশ মিডিয়ামের একাধিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ইত্তেফাক অফিসে টেলিফোন করে তাদের উদ্বেগ-আতঙ্কের কথা জানান। তারা বলেন, চলমান হরতাল-অবরোধ ও রাজনৈতিক সহিংসতার প্রেক্ষিতে আসন্ন ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষা নিয়ে তারা দারুণভাবে শংকিত। কারণ, পরীক্ষাগুলো বিশ্বের বিভিন্ন দেশে একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হয়। অতীতে দেখা গেছে, সকাল-সন্ধ্যা হরতালের জন্য ওই দিন রাতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে হরতাল যদি একটানা ২৪ ঘণ্টা বা তার বেশি সময়ের জন্য হয়, তাহলে নির্ধারিত পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং একটি পরীক্ষা বাতিল হয়ে গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা এক বছরের জন্য পিছিয়ে যাবে। ফলে ওই বছরটি হারাবে বাংলাদেশি শিক্ষার্থীরা। তাদের নতুন করে আবার পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে বৃটিশ কারিকুলামের ইংলিশ মিডিয়াম স্কুলসমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ করে ঢাকাস্থ বৃটিশ কাউন্সিল। তবে এ বিষয়ে বৃটিশ কাউন্সিল কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে, রাজনৈতিক কর্মসূচিতে তাদের কিছু করার নেই। তারা শুধু ইউনিভার্সিটির নির্দেশ পালন করেন।