শিল্পাঞ্চল রক্ষার আবেদন জানিয়েছে নরসিংদী চেম্বার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ১৯:২৩
রাজনৈতিক সংকটের কারণে সৃষ্ট ভয়াবহ মন্দার হাত থেকে মাধবদী, শেখেরচর, বাবুর হাট ও নরসিংদীর শিল্পাঞ্চলসহ হাজার হাজার শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজ (এনসিসিআই) নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকালে এনসিসিআই কার্যালয়ে সামপ্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সমস্যা কবলিত নরসিংদী জেলার সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এনসিসিআই নেতৃবৃন্দ এ আহবান জানিয়েছেন। সম্মেলনে লিখিত বক্তব্যে এনসিসিআইর প্রেসিডেন্ট আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, রাজনীতিক সংকট তথা ঘন ঘন হরতালের কারণে নরসিংদীর ছোট-বড় হাজার হাজার কল-কারখানা মারাত্মক লোকসানের শিকার হচ্ছে। ইতিমধ্যে অনেক ক্ষুদ্র কারখানা বন্ধ হয়ে গেছে। ব্যাংক ঋণ নির্ভর বড় বড় শিল্প-কারখানার মালিকরা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লোকসান দিচ্ছে। পাশাপাশি বাড়ছে ব্যাংক ঋণের সুদ। এ অবস্থায় হাজার হাজার শিল্প-মালিকের এখন ত্রাহি অবস্থা। তিনি বলেন, আমরা সরকারকে ট্যাক্স দেই। সেই ট্যাক্সের টাকায় দেশ চলে। দয়া করে আমাদের কাছ থেকে ট্যাক্স নিন, বিনিময়ে আমাদেরকে বাঁচান। শিল্প-মালিক তথা ব্যবসায়ীরা বেঁচে না থাকলে দেশকে কেউ বাঁচাতে পারবে না।