‘রাঙিয়ে দিয়ে যাও, যাওগো এবার যাবার আগে, আজ খেলা ভাঙ্গার খেলা খেলবি আয়’—এভাবেই গানে গানে পুরোনো বর্ষকে বিদায় জানাল রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখা। গত ১৩ এপ্রিল ৩০ চৈত্র শনিবার রাতে বাঙালির ঐতিহ্যবাহী কৃষ্টি ‘চৈত্র সংক্রান্তি’ পালিত হয়েছে। এ উপলক্ষে শেরপুর রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাবনী মালাকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি সঞ্চিতা হোড় দিপু উপস্থিত সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান। সেই সাথে অতীতের সব পুরোনো স্মৃতিকে ভুলে নতুনভাবে চলার আহ্বান জানান। পরে সংগঠনের শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সঞ্চিতা হোড় দীপুর পরিচালনায়, লাভলী, লোকন, শফিক, বৃষ্টি, ব্রাউন, ইসতিয়াক, তিলক, লিমা, জুঁই, বৃত্ত, মিলিন, মুন, আদি, নদী, শর্মিষ্ঠা, মিথিলা, পালকি, মাহী, সারা, গুনগুন, নিধি, দীপা সংগীত পরিবেশন করে। নৃত্য পরিবেশন করে বর্ষা মালাকার, তৃষা মালাকার, শ্রেয়া মালাকার, লগ্নজিতা চৌধুরী, তন্বী সরকার, অনামিকা পাল, বৃষ্টি ও অর্পিতা সাহা। এর পরদিন পহেলা বৈশাখে শেরপুরের জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, নন্দনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং শিক্ষাপ্রতিষ্ঠান বৈশাখী মেলা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিটি আয়োজনেই বিপুল সংখ্যক জনগণ প্রাণের আবেগ নিয়ে অংশগ্রহণ করে।
