গত শনিবার ব্র্যাক, এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিতর্কবিকাশ প্রতিযোগিতার গ্রান্ডফাইনাল অনুষ্ঠিত হয়। সারাদেশব্যাপী প্রায় ২০ হাজার বিতার্কিক ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠান গত কয়েকমাস ধরে বিভিন্ন জেলা পর্যায়ের অডিশন ও ঢাকা বিভাগের জন্য চূড়ান্ত করা হয়। সেই বাছাই প্রক্রিয়ার ভেতর দিয়েই অবশেষে সেরা বিতর্ক সংগঠন নির্বাচন হয়ে গেল গত শনিবার। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, ‘শুধুমাত্র প্রচলিত শিক্ষা দিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলে আধুনিক বাংলাদেশ গড়া যাবে না। এখন সবচেয়ে প্রয়োজন বিশ্বমানের শিক্ষাব্যবস্থা। আমরা সে লক্ষেই এগিয়ে যাচ্ছি।’ এই প্রজন্মের শিক্ষার্থীদের আরো বেশি মেধাবী করে গড়ে তোলার লক্ষে অচিরেই বিতর্ককে পাঠ্যপুস্তকে অন্তুর্ভুক্ত করা হবে বলে তিনি অভিমত দেন।
ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। গ্রান্ড ফাইনালের প্রতিযোগিতা দুটি সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক ড. শফিকুল ইসলাম।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সৃজনশীলতা, মেধা ও নেতৃত্ব বিকাশে এ ধরণের প্রতিযোগিতা সুদূর প্রসারী প্রভাব রাখবে। তবে এই মুহূর্তে বিতর্ককে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। এটি করা হলে আমাদের তরুণসমাজের মধ্যে বোধ, বিশ্লেষণ, নৈতিকতা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এটিএনবাংলার উপদেষ্টা নওয়াজিশ আলী খান, ব্র্যাক শিক্ষা কর্মসূচির জেনারেল ম্যানেজার ড. জয়া সেন গুপ্ত, ম্যানেজার মো. শহীদুল্লাহ মিয়া, সফিকুল ইসলাম টিপু, ডিএফডি-এর পরিচালক জাহিদ রহমান, কবির হোসেন শিশির, এনডিএফ এর মহাসচিব মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।
উল্লেখ্য ‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’-এই স্লোগানে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৮ হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ হাজার সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একই সাথে শিক্ষক বিতর্কে দেশের ২ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ হাজার শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়।
