হলিউডি অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত সুপারহিরো ফিল্ম ‘আয়রন ম্যান’-এর নতুন পর্ব ‘আয়রন ম্যান থ্রি’ এবার যুক্তরাষ্ট্রের এক সপ্তাহ আগে মুক্তি পাবে ভারতে। আর তার এক সপ্তাহ পরে সিনেমাটি মুক্তি পাবে আমেরিকায়। মারভেল কমিকসের সুপারহিরো আয়রন ম্যান সিরিজের সিনেমায় অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, গিনেথ পলট্রো, গাই পিয়ারস এবং বেন কিংসলের মতো তারকা। ‘আয়রন ম্যান’ খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র যদিও এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি, যদিও ‘আয়রন ম্যান’ সিরিজের পরিচালক শেইন ব্ল্যাক সম্প্রতি জানিয়েছেন অন্তত আরও একটি পর্ব নিয়ে পর্দায় হাজির হবে ‘আয়রন ম্যান’। ১৮ এপ্রিল ‘আয়রন ম্যান থ্রি’-এর লন্ডন প্রিমিয়ারে শেইন এ খবরটি জানান। তিনি রবার্টের ‘আয়রন ম্যান’-এর আরেকটি সিক্যুয়াল তৈরির বিষয়ে বলেন, ‘আমার মনে হয় কেভিন ফ্রিজ আরও একটি পর্ব তৈরির জন্য কাজ করবেন। আমি মোটামুটি নিশ্চিত।’ জমজমাট অ্যাকশন আর চোখ ধাঁধানো স্পেশাল এফেক্ট নিয়ে শুরু থেকেই ভক্তদের বিনোদেন দিয়ে যাচ্ছেন ‘আয়রন ম্যান’। ব্যতিক্রম না করে, এবারও ছবিটি বক্স অফিসে ঝড় তুলবে বলে মনে করছেন এর নির্মাতা শেইন ব্ল্যাক। এটি প্রযোজনা করেছেন কেভিন ফ্রিজ। সম্প্রতি ছবিটির তিনটি পোস্টার অনলাইনে এলে এ নিয়ে ‘আয়রন ম্যান’ দর্শক ও ভক্তদের মধ্যে বিপুল উত্সাহ দেখা দেয়। জনপ্রিয় অভিনেত্রী বিঙ বিঙকে এই পর্বে দেখা যাবে সার্জারি অ্যাসিস্ট্যান্টের ভূমিকায়। যদিও এই নতুন চলচ্চিত্রে অভিনেত্রীর ভূমিকা সম্পর্কে এখনও কিছুই বলা হয়নি তবে এক ওয়েব সাইটে প্রকাশিত একটি ভিডিও চিত্রে তাকে আয়রন ম্যানের দেহে অপারেশনের সহযোগী হিসেবে দেখা গেছে। চলচ্চিত্রটিতে অভিনেতা ওয়াঙ ছুঁয়েকিকে ডা. উঁ-এর চরিত্রে দেখা যাবে। ডা. উঁ যিনি আয়রন ম্যানের দেহ অপারেশন করবেন এবং আয়রন ম্যানের অনুবাদকের ভূমিকায় থাকবেন। ছবিটি গত বছরের মাঝামাঝি সময়ে বেইজিংয়ে চিত্রায়িত হয়। তৃতীয় পর্বে খল চরিত্রে দেখা যাবে অস্কার বিজয়ী অভিনেতা বেন কিংসলেকে, এটা এখন পুরোনো খবর। তবে সম্প্রতি জানা গেছে নিজের চরিত্রটিকে আরও নেতিবাচক করে তোলার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি। নিজের চরিত্রটিকে সম্পূর্ণ অন্য রকম হিসেবে আখ্যায়িত করে ‘ফিমেলফার্স্ট’কে বেন বলেন, ‘চরিত্রটি হলো সম্পূর্ণ আমেরিকা-বিরোধী। এটি আপনাকে দ্বিধান্বিত করে তুলবে, আপনি বুঝতে পারবেন না এরপরে কী ঘটতে যাচ্ছে।’ বেন আরও বলেন, ‘পরিচালক শেইন ব্ল্যাক আমাকে বলেছেন চরিত্রটির জন্য নিজের সীমাকে ছাড়িয়ে যেতে, তাই আমি এ ক্ষেত্রে একটু পাগলামি করতে পারব।’ আরও জানা গেছে, বেনের অভিনীত চরিত্র ‘দ্য ম্যান্ডারিন’ হতে যাচ্ছে সিনেমাটির মূল চরিত্র টনি স্টারকের জীবনে বিভীষিকা নিয়ে আসার মতো একটি চরিত্র যা টনিকে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে। তবে ‘আয়রন ম্যান’-এর এবারের সিরিজে দেখা যাবে না ‘ব্ল্যাক উইডো’ স্টারলেটকে। ‘আয়রন ম্যান থ্রি’ ছবিতে নিজের অনুপস্থিতির কথা নিশ্চিত করলেন খোদ স্টারলেট জনসন। স্টারলেট বলেন, ‘আমার মনে হয় ‘আয়রন ম্যান’-এর আর ‘ব্ল্যাক উইডো’র প্রয়োজন হবে না। এখন সময় এসেছে ‘ব্ল্যাক উইডো’র একার কিছু করে দেখানোর। ২৭ বছর বয়সী এই সুপারগার্ল এখন অপেক্ষায় আছেন তার এই জনপ্রিয় চরিত্রটিকে নিয়ে আলাদা নতুন কোনো থ্রিলারের অফারের জন্য। আর তিনি তার ব্ল্যাক উইডোর ব্যাপারে বিভিন্ন প্রযোজকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন। তার বদলে হংকংয়ের সুপারস্টার অ্যান্ডি লাউ ‘আয়রন ম্যান’র তৃতীয় ছবিতে আসছেন ‘টনি স্টার্ক’-এর সাহায্যকারী হিসেবে। ছবিতে ওই হংকং সুপারস্টারকে এক বিজ্ঞানী চরিত্রে দেখা যাবে। ২০১২ সালে তার মুক্তিপ্রাপ্ত ‘মার্ভেলস দি অ্যাভেঞ্জার্স’ দিয়ে হলিউড মুভি জগতে সবচেয়ে বেশি আয়কৃত মুভি ও অ্যাকশন-প্রিয় মানুষের অনেকখানি প্রত্যাশা মিটানোর পরও আবার তিনি হাজির হয়েছেন তার চিরচেনা রূপে ‘আয়রন ম্যান’ হিসেবে। শেইন ব্ল্যাকের রচনা এবং পরিচালনায় ‘আয়রন ম্যান থ্রি’ কি পারবে অ্যাকশন-প্রিয় মানুষের প্রত্যাশা পূরণ করতে! নতুন প্রতিদ্বন্দ্বী ছাড়াও পুরোনো শত্রু ‘দ্য ম্যান্ডারিন’-এর সঙ্গে লড়াইটা এবার কতখানি জমবে ‘আয়রন ম্যান’-এর।
