গল্প নয় সত্যি

গম্ভীর ছেলে বনাম হাসিখুশি মেয়ে!

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২০:০৬
বিপরীত লিঙ্গের কারও দৃষ্টি আকর্ষণের চেষ্টাটা অনেকের কাছেই মানুষের সহজাত একটি বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত। যদিও ঠিক কোন ধরনের ছেলেদের মেয়েরা পছন্দ করে বা কী ধরনের মেয়েরা ছেলেদের কাছে প্রাধান্য পান এমন প্রশ্নের উত্তরে বোধকরি খুব কম মানুষই নিশ্চিত করে কিছু বলতে পারবেন। তবে গবেষণার আলোকে বহু তরুণ-তরুণীর জন্য দীর্ঘ আকাঙ্ক্ষিত এই প্রশ্নটিরই একটি যৌক্তিক উত্তর এবার দেবার চেষ্টা করেছেন কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা। দীর্ঘদিনের পর্যবেক্ষণ ও একাধিক জরিপে প্রাপ্ত ফলাফল বিশে¬ষণ করে এই মনোবিজ্ঞানীরা দাবি করেছেন, হাসিখুশি নয় বরং গম্ভীর ছেলেদেরকেই মেয়েরা বেশি পছন্দ করে। অন্যদিকে ছেলেদের পছন্দ এর ঠিক বিপরীত। অর্থাত্ ছেলেদের পছন্দের তালিকায় গম্ভীর মেয়েদের চাইতে হাসিখুশি মেয়েরাই এগিয়ে থাকেন। এই গবেষণার অংশ হিসেবে গবেষকরা জরিপে অংশ নেওয়া এক হাজারেরও বেশি নারী-পুরুষকে এমন কিছু ছবি দেখান যেখানে মানুষের বিভিন্ন ধরনের অভিব্যক্তি যেমন হাসি, কান্না, গাম্ভীর্য ইত্যাদি নানা অভিব্যক্তি ফুটে ওঠে। এরপর জরিপে অংশগ্রহণকারীদের বলা হয় তাদের ভালোলাগার ভিত্তিতে ছবিগুলোকে নাম্বার দিতে। এতে দেখা যায়, হাসিখুশি চেহারার পুরুষদের প্রতি মেয়েদের আকর্ষণ ছিল সবচেয়ে কম। অন্যদিকে যাদের চেহারায় একটু গর্বের ভাব আছে বা যারা লাজুক তাদের প্রতি মেয়েদের বেশি আকৃষ্ট হতে দেখা যায়। আর ছেলেদের ক্ষেত্রে ভালোলাগার এই বিষয়টি ছিল মেয়েদের ঠিক বিপরীত। এদিকে গবেষণা জরিপে এ ধরনের ফলাফল বেরিয়ে আসার কারণ বিশ্লেষণ করতে যেয়ে গবেষক জেসিকা ট্রেসি জানান, মেয়েরা সম্ভবত গর্বকে ছেলেদের আত্মবিশ্বাস ও সামর্থ্যের প্রতীক হিসেবে দেখেন বলেই এ ধরনের ছেলেদের তারা পছন্দ করে থাকতে পারেন। অন্যদিকে হাসিখুশি মেয়েদেরকে ছেলেরা অনুগত হিসেবে বিবেচনা করেন বলেই এ ধরনের মেয়েরা তাদের পছন্দের শীর্ষে থাকতে পারে। গবেষণার এই ফলাফল প্রকাশিত হয়েছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রকাশিত ‘ইমোশন’ নামক সাময়িকীতে।