দীর্ঘদিন ধরেই সবার কৌতূহল অভিনেত্রী-পরিচালক মেহের আফরোজ শাওন কবে ফিরছেন অভিনয় বা নাটক নির্মাণে। অবশেষে হুমায়ুন আহমেদের ‘নিমফুল’ নাটকটি পুনঃনির্মাণের মাধ্যমে আবারও পরিচালনায় ফিরছেন তিনি।
মেহের আফরোজ শাওন সর্বশেষ পরিচালনা করেছেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’ নাটকটি। নাটকটি বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। ‘নিমফুল’ নির্মাণের মাধ্যমে দু’বছর পর পরিচালনায় দেখা যাবে এই জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতাকে। এ বিষয়ে শাওন বলেন, ‘হুমায়ুন আহমেদের নাটকেই কাজ করেছি সব সময়। এখনও সে অভ্যাসটা রয়ে গেছে। তাই তার নাটক নিয়েই মিডিয়াতে ফিরতে চাই। আগামী মাসেই এ নাটকের কাজ শুরু হবে। তার গল্প-কাহিনীর ভেতর দিয়েই বেঁচে থাকার চেষ্টা করছি।’ নব্বই দশকে প্রচারিত হয় ‘নিমফুল’ নাটকটি। হুমায়ুন আহমেদ তার রচিত ‘চোখ’ গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছিলেন। এর প্রধান চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান নূর। এবার ‘নিমফুল’-এ সেই জায়গায় অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। পুরোনো অভিনেতার মধ্যে থাকছেন আমীরুল হক চৌধুরী।
