জঙ্গি দমন

পাকিস্তানকে দৃঢ়ভাবে কাজকরার আহ্বান ন্যাটোর

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২০:৫৮
ন্যাটোর প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেন পাকিস্তানকে জঙ্গি দমনে দৃঢ়ভাবে কাজ করার জন্য আহবান জানিয়েছেন। তিনি বলেন, এই জঙ্গিরা দেশটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তারা এখানকার মাটিতে ধ্বংসলীলাতো চালাচ্ছেই, পাশাপাশি এখান থেকে তারা পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। মঙ্গলবার ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহবান জানান। রাসমুসেন বলেন, আগামী বছর শেষ হওয়ার আগেই আমরা আফগানিস্তানে আমাদের মিশন শেষ করার জন্য বদ্ধপরিকর। এক্ষেত্রে আমরা অবশ্যই পাকিস্তানের ইতিবাচক সম্পৃক্ততা চাই। কেননা আমরা শুধু পাকিস্তান, আফগানিস্তানই নয় বরং এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। পাকিস্তান-আফগানিস্তান উভয় দেশকেই এখানকার চরমপন্থী ও জঙ্গি মোকাবিলায় যৌথভাবে কাজ করতে হবে। সেইসঙ্গে সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের তত্পরতা কমিয়ে আনতে সবাইকে সজাগ থাকতে হবে। আর এটা উভয় দেশের স্বার্থের কারণেই তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ন্যাটো নেতৃত্বাধীন ইসাফ (ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ফোর্সেস) বাহিনী ইতিমধ্যেই দেশটির নিরাপত্তা ব্যবস্থা আফগান বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। সেখানে জঙ্গি দমনে ইসাফের ভূমিকা ক্রমান্বয়ে কমিয়ে সেদেশের হাতে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। বৈঠককালে প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, ন্যাটোর সহযোগিতা তাদের প্রয়োজন রয়েছে। সেইসঙ্গে তিনি এও বলেন যে, তারা তাদের দেশের নিরাপত্তা বিধানেও সক্ষম। কারজাইর এরপরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। জন কেরির সঙ্গে সে সময়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আশফাক কিয়ানির বৈঠক চলছিল।