আত্মহত্যার প্রবণতা
জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের ৮০ শতাংশ মেয়েকে জোর করে বিয়ে দেয়া হয়। অনেক সময় বরকে সে মেনে নিতে পারে না। তাই চেষ্টা করে আত্মহত্যার। প্রায় অর্ধেক ক্ষেত্রেই নববধূর বয়স ১৬ বছরের নিচে। জীবনের সুন্দর দিনটিকে ভয়াবহ বলে মনে হয় অনেকের কাছে। আফগানিস্তানের সামপ্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, প্রতি এক লাখে পাঁচজন মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। সমীক্ষায় আরো জানা যায়, আফগানিস্তানে ১ দশমিক ৮ মিলিয়নের বেশি নারী ডিপ্রেশনে ভুগছেন। যা আত্মহত্যার পথে নিয়ে যায়। —ডয়েচে ভেলে
বিপজ্জনক রাষ্ট্র মেক্সিকো
মেক্সিকোর অনেক এলাকাতেই মাদকচক্র আর সংগঠিত অপরাধীচক্রের তত্পরতা রয়েছে। এসব অপরাধী গোষ্ঠীর তত্পরতা মেক্সিকোকে এই গ্রহের সবচাইতে বিপজ্জনক জায়গাগুলোর অন্যতম এক দেশে পরিণত করে রেখেছে। নিরাপত্তাহীনতাই অনেক মেক্সিকানের কাছে জীবনের সবচাইতে চিন্তার বিষয়। কিন্তু একইসাথে সেখানে সাধারণ মানুষের মধ্যেও বেড়ে চলেছে আইন নিজের হাতে তুলে নেবার প্রবণতা। —বিবিসি
পর্যটক আকর্ষণে
গ্রিসে অর্থনৈতিক সঙ্কটের কারণে গত কয়েক বছরে রাজধানী এথেন্সে প্রায়শই মানুষজন বিক্ষোভ করেছে। একইসাথে পেট্রোল বোমা আর টিয়ার গ্যাস ছোঁড়াও ছিল নিত্যদিনের ঘটনা। কিন্তু এর মধ্যেই ঐতিহ্যবাহী পোশাক পরে সেখানে প্রেসিডেন্টশিয়াল গার্ড বা প্রেসিডেন্টের দেহরক্ষীরা প্রতিদিন নিয়ম করে তাদের দায়িত্ব পালন করছেন যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে। —বিবিসি
ক্ষুধা মেটাবে আফ্রিকা!
জাতিসংঘের হিসেব মতে বিশ্বের সব মানুষের ক্ষুধা মেটানোর জন্য ২০৫০ সালের মধ্যে বিশ্বের খাদ্য উত্পাদন ৬০ শতাংশ বাড়াতে হবে। আর কৃষি উত্পাদন বাড়ানোর সবচেয়ে বড় সম্ভাবনা আফ্রিকা মহাদেশে। সেখানে এখনো অনেক জমি আছে যা কৃষিকাজের জন্য ব্যবহার করা যায়। গত শতাব্দীর ষাটের দশক যাবত্ আফ্রিকার বহু দেশ তাদের খাদ্য উত্পাদন ব্যাপকভাবে বাড়াতে পেরেছে। পূর্ব আফ্রিকার মালাউয়িতে আজ যে পরিমাণ ভুট্টার দানা উত্পন্ন হয়, তা ৫০ বছর আগের তুলনায় পাঁচগুণ বেশি। তবে ঠিকমতো সার দিতে পারলে ঐ উত্পাদন আরো পাঁচগুণ করা সম্ভব বলে বিশেষজ্ঞদের ধারণা। —ডয়েচে ভেলে
