রংপুরের পীরগাছায় গত মঙ্গলবার ক্রিমিনাশক ট্যাবলেট খেয়ে শাহিনুর আকতার (৮) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ছাওলা ইউনিয়নের জুয়ানের চর গ্রামের শাহা আলমের মেয়ে ও ২নং জুয়ানের চর প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শাহিনুর আকতার (৮) প্রতিদিনের মত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গেলে শিক্ষকেরা তাকে একটি ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ায়। এরপর সে অসুস্থ হয়ে পড়ে এবং পাতলা পায়খানা করতে থাকে। এক পর্যায়ে সে গুরুতর অসুস্থ হলে তাকে স্থানীয় চিকিত্সক দ্বারা চিকিত্সা করানো হয়। তার অবস্থার অবনতি হলে বিকেল ৪টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে।
প্রধান শিক্ষক শাহ আলম জানান, সরকারিভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ ক্রিমিনাশক ট্যাবলেট সরবরাহ করা হয়েছে এবং ওই শিক্ষার্থী ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোজাহিদুল ইসলাম বলেন, খালি পেটে ট্যাবলেট খাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।
