রানা প্লাজা ধসে ৮০ জনেরও বেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটন ও দোষীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সাভারের ভবন ধসের ফলে ৮০ জনেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি। একই সঙ্গে নিহতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, আহত এবং ক্ষতিগ্রস্তদের চিকিত্সা, ত্রাণ ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।
তিনি বলেন, ভবনটিতে মঙ্গলবার ফাটল ধরার পর যখন সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করার কথা সেখানে ভবন পরিদর্শনে এসে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ভবনের কোন ঝুঁকি নেই মর্মে অবস্থান গ্রহণ করে ঘোষণা দিয়েছিলেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ থেকে স্পষ্ট হয় যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের চরম অবহেলা ও গাফিলতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। মহাসড়কের পাশে ভবন নির্মাণের নিয়ম অনুসরণ না করে এ রকম একটি বহুতল ভবন নির্মাণের ঘটনা প্রমাণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজের মধ্যে জবাবদিহিতার লেশমাত্র নেই।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। একই সঙ্গে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের যোগসাজশের যত্রতত্র বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়ন্ত্রণে তিনি আইনের কঠোর প্রয়োগের আহবান জানান। এছাড়া তিনি ভবিষ্যতে এ জাতীয় দুর্যোগ মোকাবিলায় অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
