বাজেট প্রণয়নে সংসদ সদস্যদের কোন ভূমিকা না থাকায় পুরো বাজেট প্রক্রিয়াটি আমলাতান্ত্রিকতায় আটকে গেছে বলে মনে করছেন সংসদ সদস্যরা। গতকাল এক মতবিনিময় সভায় তারা বলেন, বাজেট প্রণয়নে সংসদ সদস্যদের ভূমিকা না থাকার বিষয়টি সংবিধান পরিপন্থি। তাদের সাথে সুর মিলিয়ে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীও বলেছেন, বাজেট প্রণয়নে যান্ত্রিকতা এমনভাবে চেপে বসেছে যে, এর থেকে বের হওয়া যাচ্ছে না। বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে সংসদের বাজেট বিশ্লেষণ ও পরিবীক্ষণ ইউনিট আয়োজিত সংসদ সদস্যদের বাজেট ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। সভায় সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু বলেন, বাজেট প্রণয়নে সংসদ সদস্যদের কোন ভূমিকা নেই। এই আলোচনায় আমাদের মত নেয়া হলেও অর্থমন্ত্রী বা অর্থসচিব উপস্থিত নেই। তিনি বলেন, সংসদ সদস্যরা যে নীতি নির্ধারণ করবেন আমলারা তা শুনবেন। কিন্তু সবসময় এর উল্টোটি ঘটছে। তিনি বলেন, যারা এখন বাজেট প্রণয়ন করেন তাদের সাথে মাটির সম্পর্ক নেই।
মতবিনিময় সভার সভাপতি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফা বলেন, সাবেক আইনমন্ত্রী যা বলেছেন তা আমাদের সবারই প্রাণের কথা। আমরা তার সঙ্গে একমত। এসময় অনুষ্ঠানে উপস্থিত অন্য সংসদ সদস্যরা সভাপতির বক্তব্যের সমর্থন করেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া বলেন, এখানে সংসদ সদস্যদের মত নেয়া হচ্ছে। কিন্তু মতামতের প্রতিফলন কি বাজেটে থাকবে? বাজেট প্রণয়নে সাধারণ মানুষের মতামত কি অন্তর্ভুক্ত করা হয়? তিনিও বলেন, স্বাধীনতার পর তাজউদ্দীন সাহেবের বাজেটই ছিলো একমাত্র রাজনৈতিক বাজেট। বাকি সবগুলো আমলান্ত্রিক বাজেট।
জাসদের সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ বলেন, একজন সংসদ সদস্য হয়ে আমি বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে একদিনও কথা বলতে পারিনি। সংসদ সদস্যদের কোন মতামত বাজেটে প্রতিফলিত হয় না। ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী সংসদ সদস্যদের সঙ্গে সুর মিলিয়ে বলেন, বাজেটের টাকার অংক নিয়ে আমরা কথা বলি কিন্তু এর থেকে জনগণের কি উন্নতি হচ্ছে সেটা কি ভাবা হচ্ছে? সংসদ সদস্যদের মতবিনিময় সভায় সংসদ সদস্যরা কর দেয়ার পদ্ধতি সহজ করার জন্যও রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান। এছাড়া বর্তমান সরকারের শেষ বাজেট হিসেবে নির্বাচনের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনার দাবি জানান তারা।
সভায় আরো আলোচনা করেন সংসদ সদস্য আলী আশরাফ, মমতাজ বেগম, সিরাজুল আকবর, ইসরাফিল আলম। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রনজিত্ চক্রবর্তী আলোচনায় অংশ নেন।
