ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য পাওয়ার জন্য সমন্বিত ডাটাবেজ তৈরির কাজ করছে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এমআরএ। পরবর্তীতে এ ডাটাবেজের তথ্যের সঙ্গে আরো কিছু তথ্য সংগ্রহ করে গড়ে তোলা হবে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি। বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাতের জন্য কেন্দ্রীয় ডাটাবেজ স্থাপন শীর্ষক এক সেমিনারে একথা বলা হয়। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক এবং ডাটাবেজ বিষয়ে গবেষণাপত্র উত্থাপন করেন বুয়েটের মো. ইউনুস আলী। সেমিনারে মন্ত্রণালয়, বিভিন্ন অধিদফতর, পরিদফতর, সংস্থা, গ্রামীণ ব্যাংকসহ সরকারি-বেসরকারি সকল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক, উন্নয়ন সহযোগী সংস্থা, ক্ষুদ্রঋণের নেটওয়ার্কিং এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ড. এম আসলাম আলম বলেন, সত্তরের দশকে শুরু হওয়া ক্ষুদ্রঋণ খাত আজ বিশাল সেক্টরে রূপান্তরিত হয়েছে। এখানে বত্সরে প্রায় ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হচ্ছে এবং সুবিধাভোগী রয়েছে প্রায় সাড়ে তিন কোটির উপরে। এ বিশাল সংখ্যক গ্রাহকের ডাটাবেজ করা কঠিন কাজ। এটা করা গেলে অনেক বড় ধরনের কাজ হবে। তবে এ কাজটি জটিল পদ্ধতিতে না করে সহজে করার জন্য আহ্বান জানান তিনি।
গবেষণাপত্রের মূল প্রতিপাদ্য বিষয় ছিল সমন্বিত ডাটাবেজের জন্য উপাত্ত সংগ্রহ, যাচাই-বাছাই এবং সংরক্ষণ করা, সকল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত তথ্য উপস্থাপন এবং সহযোগী প্রতিষ্ঠান যেমন মন্ত্রাণালয়, বাংলাদেশ ব্যাংকের সাথে ডিজিটাল তথ্য বিনিময় করা।
