দীর্ঘ ৮ বছর পর সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ২৭ এপ্রিল সকাল ১০টায় দলের ত্রি-বার্ষিক এ সম্মেলন উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে কেন্দ্র করে যমুনা-বিধৌত চৌহালীর পুরো চরাঞ্চল এখন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। সভাপতি পদে দলের নিবেদিতপ্রাণ ৩ সংগঠক এ পদে অংশগ্রহণ করছেন। এরা হলো: দলের বর্তমান সভাপতি আলহাজ্ব হজরত আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম মোকদম আলী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবীব। অপরদিকে দলের সাধারণ সম্পাদক পদে ২ তরুণ নেতা এবার মাঠে নেমেছেন। তারা দু’জনই উদীয়মান। রয়েছে দলের সর্বস্তরে গ্রহণযোগ্যতা। এদিকে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এই সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
