রাজশাহীতে গত বুধবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘খাপড়া ওয়ার্ড’ দিবস পালিত হয়। এ উপলক্ষে কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রাজশাহী কেন্দ্র সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, সিপিবির রাজশাহী মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দম পিয়ারুল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং কর্মীদের শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, ১৯৫০ সালের ২৪ এপ্রিল কর্তৃপক্ষের অমানবিক আচরণের প্রতিবাদে রাজশাহী কেন্দ ীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে রাজনৈতিক বন্দিরা অনশন করছিলেন। তত্কালীন ব্রিটিশ জেল সুপার বিল সাপ্তাহিক রাউন্ডে খাপড়া ওয়ার্ডে গেলে অনশনরত বন্দিরা তার কাছে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ এবং খাদ্য তালিকা পরিবর্তনের দাবি জানান। বিল এই দাবি অগ্রাহ্য করে কমিউনিস্টদের ক্রিমিনাল বলে কটাক্ষ করেন। কমিউনিস্ট বন্দিরা এর প্রতিবাদ করলে ক্ষুব্ধ বিল হাতের ছড়ি দিয়ে তাদের মারতে উদ্যত হন। এ নিয়ে ধস্তাধস্তির সময় পাগলা ঘণ্টা বাজিয়ে সশস্ত্র কারা পুলিশ বন্দিদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে ৩১ জন নিহত হন। সেই থেকে বাম রাজনৈতিক দলগুলো ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস পালন করে আসছে।
