স্ত্রী ও সন্তান হত্যার দায়ে কাশিমপুরে স্বামীর ফাঁসি কার্যকর

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৩৮
পরকীয়া প্রেমের জের ধরে স্ত্রী ও কন্যাকে হত্যার দায়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে মো. ছালে নূর নামে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। এটি এই কারাগারে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করার প্রথম ঘটনা। মো. ছালে নূরের পিতার নাম হাজী মৌলভী সৈয়দ রহমান। তার বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা (ফকিরপাড়া) গ্রামে। আদালতের আদেশে কারা কর্তৃপক্ষ ১ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে ছালে নূরের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কারাগারের সিনিয়র জেল সুপারকে নির্দেশ দেন। বেঁধে দেয়া সময়সীমার শেষ দিনে এ ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুর পর কারাগারের অভ্যন্তরেই তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। সূত্র জানায়, পরিবারের কাছে লাশ হস্তান্তরের কথা থাকলেও তার কোন আত্মীয়-স্বজন লাশ গ্রহণে অপারগতা প্রকাশ করায় গাজীপুর সিটি কর্পোরেশন আঞ্জুমানে মফিদুল ইসলামের সহায়তায় লাশ দাফনের কাজ সম্পন্ন করে।