আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ায় ‘অভিভাবকহীন’ কিশোরগঞ্জের রাজনীতি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৩৯
অ্যাডভোকেট মো. আবদুল হামিদ বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একপ্রকার শূন্যতার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, জেলার রাজনৈতিক অঙ্গন অভিভাবকহীন হয়ে পড়লো। সরকারি কিংবা বিরোধী দল-সবার কাছেই তিনি ছিলেন ছায়ার মতো। সবমহলেই তার গ্রহণযোগ্যতা ছিলো প্রশ্নাতীত। সারা দেশে যখন আওয়ামী লীগ-বিএনপির সহিংস রাজনীতির কারণে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান তখন কিশোরগঞ্জে উভয় দলের শান্তিপূর্ণ সহাবস্থান ছিল নজিরবিহীন। রাজনৈতিক হানাহানির কারণে কিশোরগঞ্জের রাজপথ কখনোই রক্তে রঞ্জিত হয়নি। তিন দশকেরও অধিককাল ধরে তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দলের নেতৃত্ব দিয়েছেন।