সিরিয়ার মিন্নিঘ বিমানবন্দরে তুমুল লড়াই

গোলার আঘাতে ভেঙ্গে গেল আলেপ্পোর প্রাচীন মসজিদের মিনার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৪৭
ভেঙ্গে গেল সিরিয়ার আলেপ্পোর সবচেয়ে প্রাচীন উমায়েদ মসজিদের মিনার। গত বুধবার মসজিদটিতে বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণের পর মিনারটি ধসে পড়ে। এ হামলার জন্য সরকারি দল এবং বিদ্রোহীরা একে অপরকে দায়ী করছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও মানবাধিকারকর্মী একথা জানায়। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় সামরিক বিমানবন্দর মিন্নিঘে এদিন সকালে সৈন্য ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। বিশ্ব ঐতিহ্যের অংশ ইউনেস্কো ঘোষিত এ মসজিদে জাবাত আল-নূসরার বিদ্রোহীরা বিস্ফোরণ ঘটিয়ে মিনারটি ধ্বংস করে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানিয়েছে। কিন্তু বিদ্রোহীরা, বিরোধীদল ও মানবাধিকার কর্মীরা বলছে, সেনাবাহিনীই ঘটনাটি ঘটিয়েছে। এক বিদ্রোহী ইউটিউবে জানায়, মিনারটি লক্ষ্য করে সরকারি বাহিনী গোলা নিক্ষেপ করতে থাকে যতক্ষণ না সেটি ধ্বংস হয়ে যায়। ৮ম শতকে মসজিদটি প্রথম নির্মাণ করা হয় কিন্তু পরে সেটা ধ্বংস করা হলে এয়োদশ শতকে আবারো তৈরি করা হয়েছিল। এদিকে ইউনেস্কো বলেছে, গৃহযুদ্ধের ফলে দেশটির ঐতিহ্যের ওপর ব্যাপক হুমকি আসছে। এসব গুরুত্বপূর্ণ স্থাপনা, ঐতিহ্যকে রক্ষার আহ্বান জানানো হয়েছে। মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘কয়েক মাস ধরে বিমানবন্দরটি অবরোধ করে রাখার পর বিদ্রোহীরা ভোরের দিকে প্রথমবারের মধ্যে এতে প্রবেশ করে।’ মঙ্গলবার বিদ্রোহীরা বিমানবন্দরের বাইরে সৈন্যদের একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। এর ফলে তারা আলেপ্পোর বিমানবন্দরটিতে অভিযান শুরু করতে সক্ষম হয়। মানবাধিকার সংস্থাটি আরো জানিয়েছে, আসাদের অনুগত একটি দল সরকারি সৈন্যদের সঙ্গে যোগ দিতে বিমানবন্দর যাওয়ার পথে কুর্দি যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে। কুর্দিরা তাদের নয়জনকে হত্যা করে।