সংবাদ কণিকা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৫০
মহাকাশের আবর্জনা নিয়ে উদ্বেগ পুরনো কৃত্রিম উপগ্রহ এবং শাটলের অংশবিশেষ বিশ্বের চারদিকে ভেসে বেড়াচ্ছে। উপগ্রহের এসব ধ্বংসাবশেষ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিজ্ঞানীরা। কারণ উপগ্রহের এসব ধ্বংসাবশেষ পৃথিবীতে ফিরে আসতে পারে। তবে তার চেয়ে বড় বিষয় হচ্ছে, মহাকাশে সচল বিভিন্ন কৃত্রিম উপগ্রহের সঙ্গে যদি পুরাতন, অচল উপগ্রহ বা সেসবের যন্ত্রপাতির অংশ বিশেষের ধাক্কাও লাগে, তাহলে সচল উপগ্রহটি মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। এরকম মুখোমুখি সংঘর্ষ প্রথম ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার দু’টি উপগ্রহের মধ্যে। ভূপৃষ্ঠ থেকে ৭৯০ কিলোমিটার দূরত্বে সাইবেরিয়ার ঠিক উপরে এই সংঘর্ষ ঘটে। —ডয়েচে ভেলে চোখের পলকে মরুভূমি হয় সাহারা আগে হ্রদ আর জিরাফের দেশ ছিল উত্তর আফ্রিকা। পাঁচ হাজার বছর আগে আর্দ্র এলাকা থেকে হঠাত্ করে অনেকটা নাটকীয়ভাবেই তা পরিণত হয় সাহারা মরুভূমিতে। প্রযুক্তি খবরভিত্তিক ওয়েবসাইট লাইভ সায়েন্স জানিয়েছে, গবেষণায় পাওয়া গেছে খুব দ্রুত ওই অঞ্চলের উত্তর অংশে এই পরিবর্তন ঘটে । আফ্রিকা থেকে ধূলো বাতাসে উড়ে গিয়ে আটলান্টিকে পড়ে। বিজ্ঞানীরা প্রায় ৩০ হাজার বছরে জমা থাকা ধূলোর নমুনা সংগ্রহ করেন। দেখা গেছে, প্রথমদিকের ধূলোর পরিমাণ ছিল অনেক কম। অর্থাত্ তখন ওই অঞ্চলের বাতাসে আর্দ্রতা ছিল। কিন্তু পরবর্তীতে ধূলোর পরিমাণ অনেক বেড়ে যায়। অনেকটা এখনকার দিনের মতো। আকস্মিকভাবে ধূলোর পরিমাণে এই পরিবর্তন আসে ছয় হাজার বছর আগে। —বিডি নিউজ