ইরাকে গত মঙ্গলবার ও বুধবার সেনাবাহিনীর সঙ্গে সুন্নি বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের সংখ্যা একশ’ ছাড়িয়ে গেছে। এর আগে মঙ্গলবার কিরকুক প্রদেশে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। মার্কিন বাহিনীর ইরাক ত্যাগের পর এটাই ভয়াবহতম সংঘর্ষের ঘটনা। এদিকে ইরাকের সুলাইমান বেক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বন্দুকধারীরা। বুধবার দেশটির উত্তরে সেনাবাহিনীর সাথে সরকার-বিরোধী সুন্নিদের দ্বিতীয়দিনের মতো সংঘর্ষ হয়েছে। এতে ১০ বিক্ষোভকারী এবং আট সৈন্যসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এদিকে বুধবার বাগদাদের পূর্বাঞ্চলীয় এলাকায় গাড়িবোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে।
কিরকুকের হাওইজা শহরের সুন্নি শিবিরটিতে গত কয়েক মাস ধরে সরকার-বিরোধী বিক্ষোভ চলার পর সেনাবাহিনী মঙ্গলবার প্রথমবারের মতো এখানে হামলা চালায়। এতে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ পরে কিরকুকের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ে। বিদ্রোহী বন্দুকধারীরা একটি সেনা ঘাঁটি দখল করে নেয় এবং সুলায়মান পিক এলাকায় একটি মসজিদেও অগ্নিসংযোগ করে।
ইরাকের সুলাইমান বেক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বন্দুকধারীরা। বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ যুদ্ধের পর তারা বাগদাদের উত্তরে অবস্থিত শহরটির নিয়ন্ত্রণ নেয়। সরকারি কর্মকর্তারা জানান, শহরটি থেকে নিরাপত্তা বাহিনীর সকল সদস্য প্রত্যাহার করে নেয়া হয়েছে। শহরটি এখন বন্দুকধারীদের নিয়ন্ত্রণে রয়েছে।
