আফগানিস্তানে বুধবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপে ওঠে ভারতের রাজধানী নয়াদিল্লি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন অঞ্চল। দুপুর ২টার দিকে অনুভূত এ ভূমিকম্পে লেঘমান প্রদেশ সংলগ্ন নানগরহারে এবং কুনার প্রদেশে অন্তত ১৮ জন নিহত হয়েছে। একই সঙ্গে ঝিরি-ঝিরি বৃষ্টির কারণে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে আকস্মিক বন্যায় মারা গেছে ১৫ জন। আফগান রেডক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র ভূমিকম্পে কেবলমাত্র নানগরহারেই ৭০ জন আহত হওয়ার খবর জানিয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল পূর্বাঞ্চলীয় লেঘমান প্রদেশের রাজধানী মেহতার লাম থেকে ৭ মাইল দূরে ভূগর্ভের ৬৫ মাইল গভীরে। ভূমিকম্পে কুনার এবং নানগরহার জুড়ে শত শত বাড়ি ধসে পড়েছে। বুধবার আফগানিস্তান জুড়ে বিভিন্ন জায়গায় ঝিরি-ঝিরি বৃষ্টির কারণে কাদামাটির তৈরি অসংখ্য ঘরবাড়ি নাজুক অবস্থায় থাকায় সেগুলো সহজেই ধসে পড়ে বলে জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপ-প্রধান কর্মকর্তা।
