রানা প্লাজা ও গার্মেন্টস মালিকদের হাইকোর্টে হাজির করার নির্দেশ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২৩:০১
সাভারের ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানাসহ ওই ভবনের ছয় পোশাক কারখানার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের আগামী ৩০ এপ্রিল আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ওই ভবনের অনুমোদন সংক্রান্ত নথিপত্র একই সময়ের মধ্যে দাখিল করার জন্য পৌর মেয়রকেও নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদেশে সোহেল রানা ও গার্মেন্টস মালিকদের হাজির করার জন্য সাভার থানার ওসিকে এই নির্দেশ দেয়া হয়েছে। এদিকে হাইকোর্টের আরেকটি ডিভিশন বেঞ্চ সোহেল রানা, ৫টি গার্মেন্টসের মালিকসহ সাভার উপজেলার ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছে। ওই দিন আদালতে হাজির হয়ে তাদের এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এক আইনজীবীর দায়েরকৃত রিটের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আদেশে বলা হয়, ‘এ বিষয়ে ইতিমধ্যে একটি জ্যেষ্ঠ আদালত আদেশ দিয়েছে। এরপরও জনস্বার্থ বিবেচনায় আমরা আদেশ দিচ্ছি। ওই কোর্টের তলবকৃতদের সঙ্গে আমরা আরো কয়েকজনকে যুক্ত করেছি। তলবকৃতরা ৩০ এপ্রিল ওই বেঞ্চে হাজির হবে। তলবের পাশাপাশি হাইকোর্ট রুলও জারি করেছে। রুলে শ্রম আইন-২০০৬, অগ্নি প্রতিরোধক ও নির্বাপন আইন-২০০৩, কারখানা বিধিমালা-১৯৯৭ অনুযায়ী রানা প্লাজার নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে দায়িত্ব পালনে বিবাদীরা কেন ব্যর্থ হয়েছেন, তার কারণ জানতে চাওয়া হয়েছে। এছাড়া রানা প্লাজা ও গার্মেন্টস কারখানার মালিকদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব, শ্রম সচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দের দায়েরকৃত এই রিটের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) অ্যাডভোকেট ইকবাল কবির লিটন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার মো. নূর উস সাদিক ও জাইদী হাসান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোখলেসুর রহমান। সাভারের ঘটনা নিয়ে বেলা আড়াইটার দিকে ড. কামাল হোসেন ব্লাস্টের পক্ষে একটি আবেদন উপস্থাপনের জন্য হাইকোর্টের অনুমতি চান। এ সময় আইন ও সালিশ কেন্দ্রের পক্ষেও অ্যাডভোকেট ওবায়দুর একটি আবেদন দেন। এ পর্যায়ে আদালত বলেন, আমরা তো এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছি। তবে আপনারা সবাই একসঙ্গে একটি আবেদন নিয়ে আসুন। সবগুলো একসঙ্গে শুনব।