জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক স্তর ৫ম শ্রেণি থেকে ৮ম শ্রেণিতে উন্নীতকরণে একটি কর্ম পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয়া হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা তৈরি করতে প্রাথমিক ও গণশিক্ষা সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন প্রদান করবে। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও মনিটরিং কেন্দ্রীয় কমিটির এক সভায় এ কমিটি গঠনের বিষয় সিদ্ধান্ত হয়।
সভায় বলা হয়, ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাইলটিং ভিত্তিতে সারাদেশে ৪৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি চালু করেছে। ভবিষ্যতে তা পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সভায় শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক স্তরে প্রায় শতভাগ ভর্তি নিশ্চিত করা, প্রাথমিক-মাধ্যমিকে ছাত্র-ছাত্রীর সংখ্যা সমতা অর্জন, পাবলিক পরীক্ষা সংস্কার, শিক্ষার মানোন্নয়ন, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করা, কারিকুলাম যুগোপযোগী করা, প্রাথমিক-মাধ্যমিকে সকল শিক্ষার্থীকে পাঠ্যবই প্রদান, শিক্ষক প্রশিক্ষণসহ জাতীয় শিক্ষানীতির অনেক কাজ ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। ২০১৮ সালের মধ্যে পর্যায়ক্রমে পুরোপুরি বাস্তবায়ন করা হবে। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষাকে একটি সামষ্টিক কাজ উল্লেখ করে তিনি বলেন, যার যার দায়িত্ব পালনের পাশাপাশি সামগ্রিক বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমিন, প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আকতার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএ গোলাম ফারুক, মো. ইকবাল খান চৌধুরী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শেখ ইকরামুল কবির প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
