তত্ত্বাবধায়ক না মানলে দেশে গৃহযুদ্ধ হতে পারে :বি চৌধুরী

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২৩:২৬
বিকল্পধারা প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশ আজ মহাসংকটে নিপতিত। সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলার কারণে দেশ গৃহযুদ্ধের মুখোমুখি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি মেনে নেয়া না হলে এই গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তখন সংবিধান বহির্ভূত সরকার, যেমন- সামরিক সরকার অথবা চাপিয়ে দেয়া সরকার প্রতিষ্ঠিত হলে দেশে আবার গণতন্ত্রের অপমৃত্যু ঘটবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কা ব্যক্ত করেন। অধ্যাপক বি. চৌধুরী বলেন, বর্তমানে সমস্ত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মূলে রয়েছে তত্ত্বাবধায়ক পদ্ধতি বিলুপ্তিকরণ। দেশের মানুষ তত্ত্বাবধায়ক পুনর্বহাল চায়। বর্তমান দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনার প্রতি আহ্বান জানাবো- দেশের এই ক্রান্তিলগ্নে দেশ ও গণতন্ত্র রক্ষায় আলোচনার নামে কিংবা অন্য পদ্ধতিতে সময় নষ্ট না করে সংসদে প্রকাশ্যে তত্ত্বাবধায়ক পুনর্বহালের ঘোষণা দিন।’ বিকল্পধারা প্রধান বলেন, তত্ত্বাবধায়কের অধীনে আরো দুই মেয়াদে জাতীয় সংসদ নির্বাচন করার দাবিতে তার দল আগামী ৪ মে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারাদেশে প্রতীকী অনশন করবে। এর আগেই প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়কের দাবি মেনে নিলে এ কর্মসূচি প্রত্যাহার করা হবে। অন্যথায় সারাদেশে বৃহত্তর পরিসরে গণঅনশন পালন করবে বিকল্পধারা। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে কয়েক মাস আগে আপনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন, এখন আপনারা পৃথকভাবে কর্মসূচি দিচ্ছেন কেন, তার সাথে সমস্যা কোথায়? এমন এক প্রশ্নের জবাবে বি. চৌধুরী বলেন, ‘কামাল হোসেন ভালো লোক। তার সঙ্গে আমার কোনো সমস্যা বা মতদ্বৈততা হয়নি। আমাদের দলের মহাসচিব (অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান) তার সঙ্গে যোগাযোগ রাখছেন।’ হেফাজতে ইসলামকে সমর্থন জানানোর কারণে ড. কামাল তার অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাননি- এমন অভিযোগের জবাবে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘হেফাজতে ইসলামের দাবি-দাওয়ার সঙ্গে আমরা কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন জানাইনি।’ একই প্রশ্নের জবাবে দলের যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী বলেন, ‘আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, তেমনি মহানবীর (সা.) অবমাননারও বিরুদ্ধে।’ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করছে, বিকল্পধারা কী তাদের সঙ্গে আন্দোলনে বা জোটে যাবে? এ প্রশ্নের জবাবে বি. চৌধুরী বলেন ‘এ ধরনের সম্ভাবনা উড়িয়ে দিতে চাই না।’ অসাংবিধানিক কোনো সরকারের পদধ্বনি শুনতে পাচ্ছেন কিনা, জানতে চাইলে সাবেক এই রাষ্ট্রপতি বলেন ‘যারা জেগে আছেন, তারা পদধ্বনি নিশ্চয়ই পাচ্ছেন। আর যারা জেগে ঘুমান, তারা পাবেন না।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। সংবাদ সম্মেলনে সাভারে রানা প্লাজা ধসের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ অভিহিত করেন বিকল্পধারা প্রেসিডেন্ট। তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা এবং আহতদের কর্মপোযোগী না হওয়া পর্যন্ত চিকিত্সা দেয়ার দাবি জানান। একইসঙ্গে একটি উচ্চক্ষমতা সম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তিনি।