এ বছর প্রথম হজ্ব ফ্লাইট শুরু হবে ৭ সেপ্টেম্বর এবং টাকা জমা দেয়ার শেষ তারিখ ৩০ মে হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ৬ষ্ঠ হজ্ব ও ওমরাহ মেলা উদ্বোধনকালে তিনি একথা জানান। এবার হজ্ব মেলায় মোট ১৫০টি হজ্ব এজেন্সি অংশ নিচ্ছে। এর মধ্যে সরকারি এজেন্সি একটি এবং বেসরকারি এজেন্সি ১৪৯টি। হজ্ব এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মজিবুর রহমান, সদস্য বজলুল হক হারুন, একে এম এ আওয়াল, ঢাকায় নিযুক্ত সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জাদী-নাইফ-আল রাকুয়াস। মেলার উদ্বোধনকালে ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, হজ্ব শুরুর সম্ভাব্য তারিখ ১৪ অক্টোবর এবং হজ্ব শেষে দেশে ফিরতি প্রথম ফ্লাইট আসবে ২০ অক্টোবর। তিনি গত চার বছরে হজ্ব পালনে তাদের সফলতার কথা উল্লেখ করে বলেন শেষ ভালো যার সব ভালো তার। তাই আমরা শেষ সময়ে হাজীদের ভালোভাবে সেবা দিতে চাই। ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি সরকারের আমলের চেয়ে তাদের সময় হাজীদের সংখ্যা প্রায় দ্বিগুন বেড়েছে।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ্বে গমনেচ্ছু হজ্বযাত্রীদের প্যাকেজ-১ এর জন্য ৩ লাখ ৪৭ হাজার ২৭ টাকা এবং প্যাকেজ-২ এর জন্য ২ লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা জমা দিতে হবে। সরকারি ব্যবস্থাপনায় প্রতি ৪৫ জন হজ্বযাত্রীর জন্য একজন অভিজ্ঞ গাইড থাকবেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব গমনেচ্ছুদের সর্বনিম্ন ২ লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা । মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
