কুড়িগ্রামে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৪১
কুড়িগ্রামে মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আধুনিক বিজ্ঞান বিষয়ক চর্চা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় ও বিজ্ঞান ভীতি দূরীকরণে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অুনষ্ঠিত হয়েছে। রোববার সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। এএফএডি’র নির্বাহী পরিচালক সাঈদা ইয়াসমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. লোকমান হাকিম, সদর পঃ পঃ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু প্রমুখ। কুড়িগ্রাম পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় ২০টি স্কুল অংশগ্রহণ করে। এতে সদরের ১৪টি এবং উলিপুর উপজেলা থেকে ৬টি স্কুল অংশ নেয়। মেলায় বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত নতুন নতুন প্রকল্প সর্বসাধারণের জন্য প্রদর্শন করে। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগিতায় এবং স্থানীয় সংগঠন এএফএডি’র ‘মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষা উন্নয়ন প্রকল্পের’ আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান পরিচালনা করা হয়। মেলার পাশাপাশি শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিতর্কে মণ্ডলের হাট উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। পরে বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, সমাজসেবা অফিসার হাবিবুর রহমান, প্রবীণ শিক্ষাবিদ সামিউল হক নান্টু, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।