নোয়াখালীতে দরিদ্র ও সামাজিকভাবে উপেক্ষিত জনগোষ্ঠীর সেবা ও অধিকার সুরক্ষায় স্থানীয় সুশীল সমাজ সাংবাদিক সম্মেলন করেছে। সোমবার বিআরডিবি মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়ন, অক্সফাম’র সহযোগিতায় উন্নয়ন সংস্থা বিটা ও নোয়াখালী সুশীল সমাজ ফোরাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। নোয়াখালী সুশীল সমাজ ফোরামের আহবায়ক আবদুর রহিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সদস্য সচিব এডভোকেট শ্যামল কান্তি দে। লিখিত বক্তব্যে বলা হয়েছে সরকারি সেবায় দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করার দাবিতে প্রচারাভিযানের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান বিষয়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দুর্বলতা, নীতিমালা ও আইনি সীমাবদ্ধতা রয়েছে। মাঠ পর্যায়ে কর্মরত সহযোগী সংস্থা, নাগরিক সমাজ ও দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে সরকারি সেবা অধিক কার্যকরি করার লক্ষ্যে সেবাসমূহের বাস্তবায়ন, প্রয়োজনীয় ক্ষেত্রে নীতিমালা সংশোধন, নতুন নীতিমালা প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় দেশের ৭টি জেলায় প্রচারাভিযান থেকে প্রাপ্ত তথ্য ও সুপারিশসমূহ নিয়ে আগামী ২৭ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন এবং ৩ মে বিয়াম মিলনায়তনে দ্বিতীয় জাতীয় কনভেনশনের আয়োজন করা হবে। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, আয়োজক সংস্থা বিটার প্রকল্প ব্যবস্থাপক মৃন্ময় মহাজন।
